যেনতেন নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। এই বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে হলে রাষ্ট্রীয় সকল ব্যবস্থার সংস্কার করতে হবে। গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের দাবিই হচ্ছে আগে গণহত্যার বিচার ও তারপর নির্বাচন। তাই ইন্টেরিম সরকারকে খুনি হাসিনাসহ তাদের দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে যেনতেন ভাবে একটি নির্বাচন দিলে আবার ফ্যাসিবাদের উত্থান ঘটবে। এদেশের মানুষ আর কোন ফ্যাসিবাদকে মেনে নেবেনা। জামায়াতে ইসলামী জুলাই-আগস্টকে শুধু স্মরণ করতে চায় না, জামায়াতে ইসলামী জুলাই চেতনা লালন ও ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে চায়।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পল্টনে বিভিন্ন স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।
ড. হেলাল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র মেরামতের জন্য সংস্কারের উদ্যোগ নিয়েছে। জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারে সহযোগিতা করলেও একটি রাজনৈতিক দল ও তাদের মিত্ররা সহযোগিতার পরিবর্তে নিজেদের দলীয় স্বার্থে নিজেদের মতো করে সংস্কার চায়। জুলাই গণঅভ্যুত্থান কোন একক ব্যক্তি বা দলকে সুবিধা দেওয়ার জন্য হয়নি। দেশ ও জাতির কল্যাণে বৈষম্যহীন একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে রূপ দেওয়ার জন্য জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে।











