২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আগামী শুক্রবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
‘জুলাই ২৪ এর গণঅভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ বইয়ের একাদশ ও দ্বাদশ খণ্ডের বাংলা ভার্সন এবং ১ম থেকে দ্বাদশ খণ্ডের ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বাস্তবায়ন কমিটির সদস্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দিন মোল্লা, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।
বৈঠকে জাতীয় সেমিনার অনুষ্ঠানের বিভিন্ন দিক আলোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয় এবং ব্যাপকভাবে প্রচারের স্বার্থে অডিটোরিয়ামের ভেতরে ও বাইরে দুটি এলইডি স্ক্রিন এবং লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।











