স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে গণমিছিল ও সমাবেশ আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই গণসমাবেশ আয়োজন করে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেন, জুলাইয়ের করুণ চিত্র ধারণ করে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার প্রত্যয়ে আজকের দিন পালিত হচ্ছে। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট, খুনি, গুমকারী ও পাচারকারী নির্লজ্জভাবে পালিয়েছে; আজকে তার এক বছর পূর্ণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। নির্মম স্বৈরাচার উৎখাতে যে ছাত্র জনতা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে লড়াই করেছে, আহত হয়েছে, শাহাদাতবরণ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আবু সাইদ, মুগ্ধের স্মৃতি ও ইতিহাস এখনো অম্লান। তারাসহ সকল শহীদের জন্য জান্নাতে উচ্চমর্যাদা কামনা করি। যারা চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়ে কাতরাচ্ছে তাদের সুস্থ্যতার জন্য দোয়া করি।











