দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আয়োজিত এই আয়োজনে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে দলটির একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তার সঙ্গে থাকবেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।
খেলাফত মজলিস এক বিবৃতিতে জানিয়েছে, চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন, জাতীয় সংলাপের ভিত্তি তৈরি এবং ভবিষ্যৎ সুষ্ঠু রাজনৈতিক ধারার ভিত্তি নির্ধারণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলটি মনে করে, শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তর ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় তারা সবসময় গঠনমূলক ও ন্যায়সংগত ভূমিকা পালন করে আসছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বৃহত্তর ইসলামী জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে খেলাফত মজলিস এই ঐতিহাসিক আয়োজনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।











