ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি। আমরা সংস্কার, অপরাধীদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে। কাজেই পিআর পদ্ধতির বিকল্প নাই।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে কিশোরগঞ্জের আজিম উদ্দিন হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, দেশ শাসনে আওয়ামী লীগ ফেল করেছে, জাতীয় পার্টি ফেল করেছে, বিএনপি ফেল করেছে। কিন্তু ইসলামকে আর পরীক্ষা করা হয়নি। একবার আপনারা ইসলামকে পরীক্ষা করে দেখেন।
তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট বন্ধ করা হবে। দেশের উন্নয়ন হবে। মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা পাবে। সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। স্বাধীন সংবাদ মাধ্যম থাকবে। সেখানে কোনো মাফিয়া থাকবে না। খোলা আকাশের মানুষকে বসবাস করতে হবে না। তাই আমরা সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন চাই। এর মধ্যেই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে।











