রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব পরায় ক্লাস থেকে ২২ শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযোগ ওঠা শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা কোনো ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। আমি ও আমার শিক্ষকরা ধর্মীয় বিষয় মেনে চলি। যে অভিযোগ উঠেছে সেটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আমরা এ নিয়ে কমিটি করে দেবো। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গতকাল রোববার ভিকারুননিসার বসুন্ধরা শাখায় ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ফজিলাতুন নাহার নামে এক শিক্ষিকার বিরুদ্ধে।











