নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসকের উত্থান না হয় সে লক্ষ্যেই সংস্কারের কাজ করা হচ্ছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যা, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১টি কমিশনের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কার দেশকে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের সরকারপ্রধান।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে এবং দলগুলো ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করবে, যেখানে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিষয়বস্তুসমূহ অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসকের উত্থান না হয় সে লক্ষ্যে সংস্কারগুলো নেওয়া হয়েছে বলে জানান ইউনূস।
পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানির জন্য প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ এবং আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এ ধরনের বিপর্যয়ের সংখ্যা ও তীব্রতা বাড়ছে।
শাহবাজ শরীফ ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।











