জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি দল জাতীয়তাবাদের কথা বলে অথচ নির্বাচনি মাঠে বিদেশি নাগরিকদের প্রার্থী করছে। শীতকালে চীন, রাশিয়া ও সাইবেরিয়া থেকে যেমন অতিথি পাখি আসে, ঠিক তেমনি কিছু বিদেশি নাগরিকও অতিথি পাখির মতো বাংলাদেশে এসে নির্বাচন করছে। নির্বাচন শেষ হলে আবার তারা বিদেশে উড়াল দেবে।
রোববার (১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বিসিক বাসস্ট্যান্ডে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আসিফ মাহমুদ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে সুশাসন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। এজন্যই জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোট গঠন করা হয়েছে।











