নির্বাচন নিয়ে যদি কেউ সন্ত্রাস চালাতে চায় তাহলে তাদের সমান জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তবে জবাব দেয়ার আগে অবশ্যই প্রশাসনকে অবহিত করার বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেন, নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে তাদের সমান জবাব দিবেন। তবে জবাব দেয়ার আগে অবশ্যই প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাহলে আপনার জন্য তা প্রতিহত করা ওয়াজিব হয়ে যাবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে, শেরপুরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি প্রচারণার জন্য আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
শ্রীবরদী উপজেলার জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একজন জামায়াত নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্য যারা হত্যা করেছেন তাদের জন্য এটি নতুন নয়। তারা নিজের দলেরই দুই শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে রাজনীতি মানুষকে নিরাপত্তা দেয়ার নামে খুন করে এটা কেমন রেয়াজনীতি এমন প্রশ্নও করেন তিনি। এই হত্যা মামলার কোনও অগ্রগতি নেই বলেও অভিযোগ করেন তিনি।
নারীদের মা সম্বোধন করে জামায়াত আমীর বলেন, মায়েদের বিভিন্ন জায়গায় অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আপনাদের মা, স্ত্রী, বোনকে সম্মান করতে শিখুন। নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা অমানুষ।
নিজের হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্ট নিয়ে বলেন, আমার এক্স হ্যান্ডেল হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। একটা দল দেখলাম হৈ হৈ রৈ রৈ করে মিছিল শুরু করে দিয়েছে। যারা মায়েদের সম্মান করতে জানে না, তারা মিছিল শুরু করে দিলো। বোঝাই যাচ্ছে এটা কারা করেছে। একেবারে ইতর শ্রেণীর না হলে এই কাজ কেউ করতে পারে না। সাময়িকভাবে কোনও মা যদি ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে ক্ষমা চাই।











