রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

টাপি গ্যাস প্রকল্পে কাজ করতে চায় সৌদি কোম্পানি : মোল্লা বারাদার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দের সঙ্গে বৈঠক করেছেন তুর্কমেনিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রশিদ মেরদোভ। বৈঠকে টাপি, টাপ, রেলপথ ও বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি, বিনিয়োগ, আঞ্চলিক সংযোগ, বাণিজ্য সম্প্রসারণ ও ব্যাংকিং সহযোগিতা নিয়ে আলোচনা হয়। দুই পক্ষ চলমান প্রকল্পগুলোতে কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন খাতে অর্থনৈতিক প্রকল্প ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করার বিষয়েও কথা বলে।

বৈঠকে টাপি (তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত) গ্যাস পাইপলাইন প্রকল্প এবং টাপ (তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান) বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) আফগানিস্তানের হেরাত প্রদেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়ামমন্ত্রী মোল্লা হেদায়াতুল্লাহ বদরী, পানি ও জ্বালানিমন্ত্রী মোল্লা মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা উপস্থিত ছিলেন। তুর্কমেনিস্তানের পরিবহন ও রেলপথমন্ত্রী, রাষ্ট্রীয়মন্ত্রী, তুর্কমেন গ্যাস রাষ্ট্রীয় কোম্পানির প্রধানসহ উভয় দেশের একাধিক কর্মকর্তা বৈঠকে অংশ নেন।

আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ বলেন, টাপি প্রকল্প শুরুর ফলে আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। তিনি জানান, সৌদি আরবের ডেল্টা ইন্টারন্যাশনাল কোম্পানি টাপি প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

মোল্লা বারাদার জানান, কোম্পানিটি টাপি প্রকল্পের গ্যাস ক্রয়, তুর্কমেনিস্তানের বড় গ্যাস ব্লকের সক্ষমতা বৃদ্ধি, হেরাতের গুজারা জেলা থেকে কান্দাহারের স্পিন বোলদক জেলা পর্যন্ত এবং স্পিন বোলদক থেকে ভারতের সীমান্ত পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ ও সম্প্রসারণ, পাশাপাশি পাকিস্তানের গওদর বন্দরে গ্যাসের বড় ও আধুনিক কেন্দ্র নির্মাণের খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

আফগান ডেপুটি প্রধানমন্ত্রী তুর্কমেনিস্তানকে তোরঘুনডি থেকে হেরাত রেলপথ প্রকল্প বাস্তবায়ন বিষয়ে নিজেদের অবস্থান আফগানিস্তানের কাছে স্পষ্ট করতে অনুরোধ করেন। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে কাজাখস্তানও জোরালো আগ্রহ দেখাচ্ছে। তিনি আরও জানান, টাপ প্রকল্পের রোডম্যাপ চূড়ান্ত করতে আফগানিস্তানের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি রয়েছে। পাশাপাশি বালা মুরগাব, খুমাব ও কুরকিন জেলায় বিদ্যুৎ সঞ্চালন এবং আঞ্চলিক সংযোগের অন্যান্য প্রকল্প শুরুর জন্য আফগানিস্তানের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। চলমান প্রকল্পগুলোতে আফগানদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও তিনি গুরুত্ব দেন।

তুর্কমেনিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইমারাতে ইসলামিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, টাপি প্রকল্প বাস্তবায়নের জন্য আফগান পক্ষ ভালো পরিবেশ তৈরি করেছে। তিনি টাপি প্রকল্পে বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানান এবং বলেন, এ বিষয়ে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করা প্রয়োজন।

তিনি তোরঘুনডি থেকে হেরাত রেলপথ প্রকল্পে তুর্কমেনিস্তানের বিনিয়োগ প্রস্তুতির কথাও জানান এবং বলেন, তোরঘুনডিতে বাস্তবে কাজ শুরু হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, তাদের দেশ পাঁচটি পথে আফগানিস্তানে বিদ্যুৎ সরবরাহ করতে এবং সক্ষমতা বৃদ্ধি করতে প্রস্তুত। তবে পাঁচটি পথের কোন কোন রুট দিয়ে বিদ্যুৎ সরবরাহ হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার এমন একটি দেশ, যেখান থেকে আফগানিস্তান আমদানি করা বিদ্যুৎ পেয়ে থাকে।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ