বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা স্পষ্ট করে বলছি, সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট এবং ফ্যাসিবাদের পক্ষে ‘না’ ভোট। কিন্তু কিছু দল এই বিষয়ে জনসম্মুখে স্পষ্ট করে কিছু বলছে না। আমরা বিনয়ের সঙ্গে তাদের কাছে জানতে চাই, আপনারা সংস্কারের পক্ষে নাকি ফ্যাসিবাদের পক্ষে? জনগণের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করুন। লুকিয়ে লুকিয়ে কথা না বলে সাহসের সঙ্গে প্রকাশ্যে কথা বলুন।”
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনি প্রচারে নারী কর্মীদের বাধা ও লাঞ্ছনার তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের বিভিন্ন স্থানে আমাদের মায়েরা ভোট চাইতে গেলে দুর্বৃত্তরা তাদের অপমান করছে। যারা মায়ের গায়ে হাত তোলে, তারা কোন প্রজাতির? তারা মানুষ নাকি অন্য কিছু, তা আমার বোধগম্য নয়। এই কয়েক দিন ধরে যে উৎপাত শুরু হয়েছে, তা মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রতিটি দল নিজ নিজ কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাক। মায়েদের অপমান আমরা বরদাশত করব না।”
তিনি নারী কর্মীদের উদ্দেশে বলেন, “যদি কোনো দুর্বৃত্ত কটু কথা বলে, তবে চোখে চোখ রেখে বলবেন, আমি মা, আমি তোমাদের পরোয়া করি না; আমি কেবল আল্লাহকে ভয় করি।”
জেলা জামায়াতের আমীর ও জামালপুর সদর-৫ আসনের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল আউয়ালের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ জেলা ও কেন্দ্রীয় জামায়াতের নেতৃবৃন্দ।











