spot_img
spot_img

এবার স্বর্ণ চোরাচালান মামলায় বিমানের ৩ কর্মকর্তা কারাগারে

৬২ কেজি সোনা চোরাচালানের একটি মামলায় বিশেষ ক্ষমতা আইনে বাংলাদেশ বিমানের তিন কর্মকর্তার ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট মেকানিক আনোয়ারুল হাসান, আবু সালেহ এবং আক্তারুজ্জামান। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর আবার তাদের কারাগারে পাঠানো হয়।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিভিন্ন স্থানে লুকানো স্বর্ণের বার এবং স্বর্ণের চেইন পাওয়া যায় যার ওজন ৬২ কেজি ৭৭৪ গ্রাম। এ ঘটনায় ১৫ মার্চ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মতিন তালুকদার বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

মামলাটির তদন্ত করে ২০১৭ সালের ২০ ডিসেম্বর কাউন্টার টেররিজম ইউনিটের হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড স্মাগলিং টিমের পুলিশ পরিদর্শক সরওয়ার হাসান তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত চার্জশিটভূক্ত ৩৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ