ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে অনেক ভোটার নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলেছেন, ‘শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি’। এ সময় তারা পাটওয়ারীর কাছে হাদি হত্যার বিচারের দাবিও জানান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।
বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে ইঙ্গিত করে পাওয়ারী বলেন, শাপলা কলিতে বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে। এ জন্য ভোট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদের বলব ৯০ মিনিট খেলায় (ভোটকেন্দ্রে) থাকুন। ভয় পাবেন না, মাথায় হাত দেবেন না।
নাসীরুদ্দীন পাটওয়ারী এ আসনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী, ‘আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ঢাকা-৮ আসনে শাপলা কলির ভূমিধস বিজয় হবে। তবে এ বিজয় নাসীরুদ্দীন পাটওয়ারীর নয়, এ বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। অনেক ভোটার বলেছেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। তার হত্যার বিচারটা আমাদের করতে হবে।’
এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘জালেমদের আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং মজলুমদের অধিকার প্রতিষ্ঠা করব। এখানে কোনো নয়-ছয় নেই। যে যত প্রভাবশালীই হোক না কেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।’











