জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য পদ পেয়েছে। বরগুনা-১ আসনে দলটির মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মাওলানা অলিউল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। ফলে ৪ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অলিউল্লাহ। ইসলামী আন্দোলনের এটি একমাত্র বিজয়ী আসন।
বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে ৩৭ হাজার ৯৬০ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৬ হাজার ২৯৮ জন।











