ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল চাঁদাবাজদের পুলিশে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজি করলে সাথে সাথে পুলিশকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, সাহসিকতার জন্য পুরস্কার দেয়া হবে।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
লুৎফুর রহমান কাজল বলেন, সংসদ সদস্য হিসেবে প্রথম ও প্রধান লক্ষ্য হলো একটি নিরাপদ, মানবিক ও অসাম্প্রদায়িক কক্সবাজার গড়ে তোলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করা। কক্সবাজারের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত-যেমন মৎস্য ও লবণ শিল্পের স্বার্থ সংরক্ষণ ও বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কক্সবাজারকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।











