শুক্রবার | ২০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্ব আরও জোরদার করা এবং অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

চিঠিতে কিয়ার স্টারমার লিখেছেন, ‘আমি বাংলাদেশের নির্বাচনে আপনার বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব গ্রহণ নিশ্চিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানাতে লিখছি।’

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কিয়ার স্টারমারের শুভেচ্ছাবার্তা-সংবলিত চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তিনি বিশ্বাস করেন, তারেকের নেতৃত্বে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে, যা অভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ভিত্তিতে গড়ে উঠবে।

স্টারমার লিখেছেন, তিনি অংশীদারত্ব শক্তিশালী করতে এবং অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে তারেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন। বাংলাদেশে অন্যতম বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের আশাও প্রকাশ করেছে।

চিঠিতে তিনি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে লড়াই এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আরও শক্তিশালী করতে অতিরিক্ত সহযোগিতার সুযোগকে স্বাগত জানানোর কথা বলেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের উদারভাবে গ্রহণ করায় যুক্তরাজ্যও বাংলাদেশের পাশে থেকে সমর্থন জারি রাখবে। তিনি দুই দেশের অংশীদারত্বের পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় থাকার কথাও উল্লেখ করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ