দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে আলেমদের দ্বীনি ও সামাজিক সেবামূলক সংগঠন ওলামা কল্যাণ পরিষদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হালিশহরে এই কর্মসূচি পালিত হয়।
সাধারণ সম্পাদক মুফতী ওসমান সাদেক বলেন, এবার ৫০টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো, যা সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তবে অসহায় পরিবারে ঠাসা জনবহুল এলাকার জন্য এটি যথেষ্ট নয়। এর জন্য আরো বড় পরিসরে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে আমাদের কাছে হালিশহরের আড়াই শতাধিক অসহায় পরিবারের সন্ধান রয়েছে। আমরা শীগ্রই তাদের তালিকা প্রণয়নের উদ্যোগ নিতে যাচ্ছি। দ্বীন-দরদী ও মানবিক ব্যক্তিগণ এগিয়ে আসলে তাদের যথাযথ সেবা নিশ্চিত করা অসম্ভব কিছু নয়।
সময়ের চাহিদা ও উপলক্ষকে কেন্দ্র করে সংগঠনটি বছরের বিভিন্ন সময় দ্বীনি সচেতনতা ও সামাজিক সেবামূলক কার্যক্রম হাতে নিয়ে থাকে বলে তিনি উল্লেখ করেন। বিগত মহামারী ও বন্যার ন্যায় প্রাকৃতিক দুর্যোগগুলোতে সংগঠনটি খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা নিয়ে অসহায় ও ভুক্তভোগীদের পাশে ছিলো বলেও জানান।
সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয়, এবার প্রতিটি পরিবারকে ১ হাজার টাকার ইফতার ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে, যেখানে চাল, ডাল, মুড়ি, ছোলা, তেল, চিনি, লবণ, খেজুর ও ট্যাং উল্লেখযোগ্য।











