জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
সারজিস আলম বলেন, “আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি, জামায়াত এককভাবে প্রস্তুতি নিচ্ছে। শেষ মুহূর্তে জনগণ যদি মনে করে তাহলে দেশের স্বার্থে জোটগত নির্বাচন হতে পারে।”
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, “গত এক বছরে এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে। অনেক বন্ধুর পথ আমাদের পাড়ি দিতে হয়েছে। আমরা পর্যাপ্ত সময় পেলে আসন সংখ্যা ৬ থেকে বাড়তে পারত। এজন্য আমরা সবার আগেই স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও জানান, সাক্ষাৎকারের মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যেই সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করা হবে।
এ সময় সারজিস আলম বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সরকার দলীয় তোষামোদকারীদের সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, “এনসিপি প্রতিটি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমাদের ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশন ও ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে।”











