কওমী মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারি হাজী আব্দুল আউয়াল মজুমদার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কওমী মাদরাসাগুলো সহীহ ইসলামের ধারক ও বাহক। এই কওমী মাদরাসার চিরশত্রুরা এর বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চালিয়ে মানুষকে প্রকৃত দীন থেকে দূরে রাখার চক্রান্ত করছে।
নেতৃদ্বয় বলেন, তারা জানে যতদিন কওমী মাদরাসা থাকবে, ততদিন সহীহ দীন ও ইসলামকে কেউ আকবরের দীন-ই-ইলাহীর মতো ব্যবহার করতে পারবে না। কাজেই কওমী মাদরাসার ভিত্তি নষ্ট করতে পারলে তারা তাদের ভ্রান্ত দীন-ই-ইলাহী প্রতিষ্ঠা করতে পারবে। সেই চিন্তা-চেতনার আলোকে কওমী মাদরাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না এবং কওমী আলেমরা কিছু জানে না মর্মে কিছু পোষ্য দালালকে ব্যবহার করা হচ্ছে।
নেতৃদ্বয় দেশের সচেতন ইসলামপ্রিয় জনতাকে সতর্ক ও সজাগ থেকে এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান।











