অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সহজ ভাষায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনী লেখার উদ্যোগ নিয়েছেন।
শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আসিফ নজরুল জানান, কয়েক বছর আগে হজ পালন করার পর তার ধর্মীয় জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি পায়। এরপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর-এর বিভিন্ন জীবনী পড়তে শুরু করেন। সেই অভিজ্ঞতা থেকেই তার মধ্যে সহজ ভাষায় নবীজীর জীবনী লেখার আগ্রহ জন্ম নেয়।
সাবেক আইন উপদেষ্টা বলেন, তিনি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং বিভিন্ন ক্ষেত্র—ব্যবসা, যুদ্ধপরিচালনা, কূটনীতি, দেশশাসন ও মানবাধিকার—এসব দিক থেকে নবীজীর অসাধারণ নেতৃত্ব ও সাফল্য তুলে ধরতে চান।
ড. আসিফ নজরুল লিখেছেন, এই কাজটি অনেক বড় এবং জটিল। তার জন্য সাহসের সঙ্গে প্রস্তুতি শুরু করেছিলেন, কিন্তু দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে লেখালেখি আগের মতো এগোতে পারেননি। এখন আল্লাহর রহমতে স্বাভাবিক জীবনে ফিরে এসে পুরোনো আগ্রহ আবার জাগ্রত হয়েছে। তিনি শীঘ্রই এই লেখার কাজ শুরু করবেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ড. আসিফ নজরুল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।










