২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আলেম, মাদরাসার ছাত্র ও সাধারণ মুসল্লিদের ওপর সংঘটিত গণহত্যার অন্যতম নেতৃত্বদানকারী র্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর কলেজ রোডসংলগ্ন বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জন যুবক ওই বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। এ সময় তিনতলা ভবনটির জানালার কাচ ভেঙে ফেলা হয়। একপর্যায়ে নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে একটি কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান জানিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, বাড়িটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শাপলা গণহত্যার সময় জিয়াউল আহসান র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন। ২০১৩ সালের ৫ মে দিবাগত রাতে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতে ইসলামের আলেম, মাদরাসার ছাত্র ও সাধারণ মুসল্লিদের ওপর রাষ্ট্রীয় বাহিনীগুলো ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। শাপলা গণহত্যায় অংশ নেওয়া বাহিনীগুলোর অন্যতম শীর্ষ কর্মকর্তা ছিলেন জিয়াউল আহসান।
শাপলা গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জিয়াউল আহসানসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম চলছে। জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।











