রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন ও অর্থায়নে সহায়তার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ ওরফে মিজ্জু (৬২), লালবাগ থানা আওয়ামী যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন (৪৫), মো. আপেল মাহমুদ (৪২) এবং লালবাগ থানা যুবলীগের নেতা ও ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবিএম টিটু (৫৩)।
পুলিশ জানায়, রাত ১২টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত লালবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৩ নভেম্বর দুপুর আনুমানিক দেড়টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন ও অর্থায়নে সহায়তা করেছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।











