বাংলাদেশকে ভারতের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ও অসহায় হিসেবে তুলে ধরে অবজ্ঞাপূর্ণ মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভারত সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে বলে মন্তব্য করেছেন তিনি। তবে একটি স্বাধীন দেশের খাদ্যনিরাপত্তা নিয়ে এমন চরম বক্তব্যের পক্ষে কোনো তথ্যপ্রমাণ তুলে ধরেননি এই বিজেপি নেতা।
বুধবার (১৮ নভেম্বর) কলকাতার বিধাননগরে বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিনের সঙ্গে বৈঠক করেন শমীক ভট্টাচার্য। বৈঠক শেষে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও দুই দেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ককে একতরফা অনুগ্রহ হিসেবে উপস্থাপন করে এই বিজেপি নেতা বলেন, বাংলাদেশকে ভারত বিভিন্নভাবে সাহায্য করেছে। ভারত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে।
তবে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও খাদ্য উৎপাদনের বাস্তব চিত্রের সঙ্গে বিজেপি নেতার এমন বক্তব্যের কোনো সামঞ্জস্য পাওয়া যায় না।
বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক মূলত পারস্পরিক অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়। বরং দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের বিপুল উদ্বৃত্ত রয়েছে। বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে প্রায় ৯৬২ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে ভারতে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় ১৭৬ কোটি ডলার। অর্থাৎ বাংলাদেশের বাজার থেকে ভারতও বিপুল অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকে।
অন্যদিকে বাংলাদেশের খাদ্য উৎপাদনের বাস্তবতাও বিজেপি নেতার বক্তব্যকে সমর্থন করে না। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য উল্লেখ করে গত সেপ্টেম্বরে জাতীয় সংসদে খাদ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে চালের মোট সরবরাহ ছিল প্রায় ৪ কোটি ৩৬ লাখ ৫২ হাজার টন। এর মধ্যে ৪ কোটি ২৪ লাখ ৬৭ হাজার টনই এসেছে দেশের নিজস্ব উৎপাদন থেকে।
একই সময়ে দেশে চালের চাহিদা ছিল প্রায় ৪ কোটি ২৩ লাখ টন। অর্থাৎ চালের মোট সরবরাহ ছিল চাহিদার চেয়েও বেশি।
বাংলাদেশের খাদ্য আমদানির প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরতার বাস্তবতা থাকলেও একটি দেশের সঙ্গে সীমান্ত বন্ধ হলেই গোটা জাতি অনাহারে মারা যাবে, এমন বক্তব্যের কোনো যৌক্তিক ভিত্তি পাওয়া যায় না। বরং এই মন্তব্যে বাংলাদেশের নিজস্ব উৎপাদন সক্ষমতা ও অর্থনৈতিক বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।
এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সংখ্যালঘু পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন শমীক ভট্টাচার্য। তিনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিশ্বের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তব্যের একপর্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার প্রসঙ্গও টেনে আনেন তিনি। তবে শেষ দিকে বাংলাদেশে গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশার কথা জানান এই বিজেপি নেতা।











