বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
তিনি বলেন, জুলাই সনদ কেবল রাজনৈতিক দলিল নয়; এটি দেশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি বলিষ্ঠ অঙ্গীকার। দেশের ইসলামী ও সমমনা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সংহতি ও ঐক্য আজ সময়ের অপরিহার্য দাবি। বিভক্তি বা মতানৈক্য জাতির কল্যাণ বয়ে আনতে পারে না।
মাওলানা জালালুদ্দীন আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটাতে হলে রাজনৈতিক দল, যুব সংগঠন ও সচেতন নাগরিক সমাজকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবসমাজই জাতির ভবিষ্যৎ ও পরিবর্তনের প্রধান শক্তি। তাই দেশের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ও কেন্দ্রীয় যুব সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ, পাশাপাশি বিভিন্ন ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনের প্রতিনিধিরা। মতবিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামী আন্দোলনের অগ্রগতি এবং জাতীয় স্বার্থে সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষ হয় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও ইফতারের মাধ্যমে।










