spot_img

সুশাসন প্রতিষ্ঠা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান নেজামে ইসলাম পার্টির

রক্তস্নাত জুলাই বিপ্লবের পর দেশের মানুষ নতুন সরকারের কাছে সহিংসতা নয়, বরং সুশাসন প্রতিষ্ঠা ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা।

রোববার (০৮ মার্চ) রাজধানীর কাকরাইল মোড়স্থ হোটেল রাজমনি ঈশা খাঁয় জাতীয় নেতৃবৃন্দ, আলেম, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির আমীর আল্লামা সারোয়ার কামাল আজিজী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান। স্বাগত বক্তব্য দেন মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও ঘোষিত ফলাফল নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের দৃশ্যমান আয়োজনের আড়ালে কিছু ক্ষেত্রে সন্ধ্যার পর ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, ইরানের সার্বভৌমত্বের ওপর আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি যুদ্ধ পরিস্থিতি প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের দ্রুত কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

নেজামে ইসলাম পার্টির নেতারা বিশ্ব শান্তি, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানায়। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনির হত্যাকাণ্ডকে নিকৃষ্ট ও বর্বরোচিত সন্ত্রাসী ঘটনা উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্রভিত্তিক যুদ্ধ, বিমান চলাচল স্থগিত এবং কর্মসংস্থানের অনিশ্চয়তায় প্রায় ৫০ লাখ প্রবাসী বাংলাদেশি আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক মামুনুল হক বলেন, শহীদ ওসমান হাদী হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের চেতনা থেকে বিচ্যুত হওয়ার কোনো ষড়যন্ত্র হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ