জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি একসময় গণভোটের পক্ষে প্রচার চালালেও এখন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটিকে অবজ্ঞা করার চেষ্টা করছে।
রোববার (১৫ মার্চ) সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানই বর্তমান সংস্কার প্রক্রিয়া, অন্তর্র্বতী সরকার এবং এই নির্বাচনের মূল ভিত্তি ও বৈধতা। সব বিষয় শুধু সংবিধানের ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই কমিশনের কোনো কার্যক্রমকে এখন অসাংবিধানিক বলার সুযোগ নেই। জনগণের রায় সংস্কারের পক্ষে আসার পরও সংসদ সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণভোট কোনো নতুন বিষয় নয়; অতীতেও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এ ধরনের বিষয় মীমাংসা হয়েছে। বিএনপির অনেক সংসদ সদস্য এবং দলীয় প্রধানও একসময় গণভোটের পক্ষে প্রচার চালিয়েছিলেন। কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটিকে উপেক্ষা করা হচ্ছে।
ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর তিন দলীয় জোটের রূপরেখা ভঙ্গ করায় তৎকালীন সরকারকে চড়া মূল্য দিতে হয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা না নিলে দেশে আবারও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে।










