spot_img

র‍্যাব বিলুপ্তির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি দিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

সোমবার (১৬ মার্চ) হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপিজে, সিভিকাসসহ মোট নয়টি সংগঠন যৌথভাবে এ চিঠি পাঠায়। একই চিঠি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের সামনে বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই সময়টিকে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানো যেতে পারে।

সংগঠনগুলো উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ উঠেছিল। তার পতনের পর এসব ঘটনার অনেকটাই কমেছে বলে তারা মনে করলেও অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক, সাংবাদিকদের ওপর চাপ এবং ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি নির্দিষ্ট সুপারিশও তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ