জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা সাংবিধানিকভাবে নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, “জুলাইযোদ্ধাদের সুরক্ষার জন্য যে আইন সেটা আমরা অধ্যাদেশকে আইনে পরিণত করেছি। সেটার বৈধতা আছে। তবে সেটা আইন। আমরা সাংবিধানিকভাবে এই সুরক্ষাটাকে আনব তফসিলে সুনির্দিষ্ট জায়গায়। যাতে তাদের দায়মুক্তি ও জুলাইযোদ্ধাদের সুরক্ষাটা সাংবিধানিকভাবে ধারণ করা যায়।”
বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রস্তাব সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “যারা মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে, যারা দায়ী, ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ তার দোসর এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট দায়ী তাদের বিচার যেন ত্বরান্বিত করা হয়।”
তিনি বলেন, মানবতাবিরোধী আদালতে চলমান মামলাগুলোর বিষয়ে তারা ইঙ্গিত করেছেন। সরকার এসব বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আন্তরিক।











