spot_img

বাংলাদেশের বিচার সংস্কারে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং নরওয়ে সরকার বাংলাদেশে বিচার খাতের সংস্কার ও সুসংহতকরণে নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) নরওয়ে দূতাবাসে ‘বাংলাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিচার সংস্কার, সুসংহতকরণ ২০২৬’ শীর্ষক উদ্যোগে সহায়তার জন্য একটি চুক্তি সই হয়েছে।

চুক্তির লক্ষ্য হলো বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালী করা, সুপ্রিম কোর্ট সচিবালয়ের পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি করা এবং জনগণের আস্থা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা উন্নত করতে বিচার খাতে দীর্ঘমেয়াদি সংস্কার এগিয়ে নেওয়া।

চুক্তিতে স্বাক্ষর করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। এই অংশীদারিত্বের অধীনে ইউএনডিপি ও নরওয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়কে কার্যকর করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সরঞ্জাম সরবরাহ করবে। পাশাপাশি বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে নবনিযুক্ত কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

এছাড়া, বিচারিক স্বাধীনতা বিষয়ে গভীরতর বোঝাপড়া ও সমর্থন গড়ে তুলতে বিচার বিভাগ, সরকার, আইন পেশাজীবী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের মধ্যে সংলাপের আয়োজন করা হবে।

চুক্তি স্বাক্ষরকালে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, মেধাভিত্তিক বিচারক নিয়োগ এবং নাগরিক-কেন্দ্রিক সেবা সম্প্রসারণসহ বিচার খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নরওয়ের সঙ্গে এই অংশীদারিত্ব এসব সংস্কারকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে।

চুক্তির মাধ্যমে ইউএনডিপি ও নরওয়ে বাংলাদেশে আইনের শাসন শক্তিশালী করা এবং টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে বিচার খাতের সংস্কার এগিয়ে নিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ