এক মাস রোজা শেষে রাজধানীর মুসলমানরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতে মিলিত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় প্রথম জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এ জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তের বাসিন্দারা জড়ো হতে থাকেন। পায়জামা-পাঞ্জাবি, টুপি পরে এবং নানা ধরনের আতর-সুগন্ধি মেখে তারা আসেন। শিশু-কিশোররা তাদের অভিভাবকদের সঙ্গে আসে। ঈদের জামাতকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রবেশ ফটকগুলোতে আর্চওয়ে বসানো হয়।
সকাল ৭টার আগেই মসজিদ পূর্ণ হয়ে যায়। সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।
নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। অনেকে মোবাইল ফোনে সেলফি তুলে ঈদ নামাজের স্মৃতি ধরে রাখেন।










