তেলের মূল্যের লাগাম টেনে ধরতে সর্বশেষ পদক্ষেপ হিসেবে সাগরে ইরানি তেল বিক্রির ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের শুরু করা যুদ্ধের কারণে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে চলেছে। পরিস্থিতি মোকাবেলায় অবশেষে শুক্রবার এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন।
শুক্রবার (২০ মার্চ) বাজারে লেনদেন শেষ হওয়ার পর মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে পোস্ট করা ছাড়পত্রে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই ছাড়ের অধীনে প্রয়োজন অনুযায়ী আমেরিকায় ইরানি তেল আমদানি করা যাবে।
সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেস্যান্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞার এই ছাড়ের ফলে প্রায় ১৪ কোটি ব্যারেল তেল বিশ্ব বাজারে আসবে, যা জ্বালানি সরবরাহের ওপর তৈরি হওয়া চাপ কমাতে সাহায্য করবে।
রয়টার্স জানিয়েছে, ইরানে তিন সপ্তাহ ধরে চলা আমেরিকা ও ইসরাইলের হামলার কারণে তেলের মূল্য বেড়ে গেছে। এতে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন ব্যবসা ও ক্রেতারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সম্ভাবনায় হোয়াইট হাউজ উদ্বিগ্ন হয়ে উঠেছে। মধ্যবর্তী নির্বাচনেও মার্কিন কংগ্রেসে নিজেদের আধিপত্য ধরে রাখতে চান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সহকর্মী রিপাবলিকানরা।










