spot_img

৪ হাজার কিলোমিটার দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

ইরান ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকা-ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যভেদ করতে পারেনি। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই ঘটনা ইরানের দীর্ঘপাল্লার আঘাত হানার সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (২১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। ভারত মহাসাগরের মাঝামাঝি অবস্থিত দিয়েগো গার্সিয়া দ্বীপে আমেরিকা ও ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্রের একটি মাঝপথেই বিকল হয়ে যায়। অন্য ক্ষেপণাস্ত্রটির দিকে একটি আমেরিকান যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে সেটি সফলভাবে ভূপাতিত করা গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সিএনবিসিকে বলেছেন, এ বিষয়ে তারা একটি বিবৃতি প্রস্তুত করছে। অন্যদিকে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও বলেছে, এটি ছিল ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম বাস্তব সামরিক ব্যবহার। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে বহু দূরে আঘাত হানার সক্ষমতা প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা, যা আমেরিকার স্বার্থকে হুমকির মুখে ফেলতে পারে।

এর আগে ২০২৫ সালের মে মাসে ব্রিটেন সম্মত হয়, দিয়েগো গার্সিয়া ঘাঁটি যেখানে অবস্থিত সেই চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করা হবে। ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে মরিশাস দীর্ঘদিন ধরে ব্রিটেনের সঙ্গে বিরোধে রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার ব্রিটেনের এই পরিকল্পনার সমালোচনা করেছেন।

ভৌগোলিক হিসাব অনুযায়ী, ইরান থেকে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপের দূরত্ব প্রায় ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার কিলোমিটার। মাইলে এটি প্রায় ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৫০০ মাইল। ইরানের উপকূলরেখা থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার হলেও রাজধানী তেহরান থেকে এই দূরত্ব প্রায় ৫ হাজার ২৫০ কিলোমিটার।

সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই দূরত্বে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা প্রদর্শন করেছে। এর মাধ্যমে তারা নিজেদের পূর্বঘোষিত ২ হাজার কিলোমিটার সীমার চেয়েও অনেক বেশি পাল্লায় আঘাত হানার সামর্থ্য দেখাল।

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনবিসি, রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ