বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, একই দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ‘হালাল’ হলে গণভোট ‘হারাম’ হবে কেন।
শনিবার (২১ মার্চ) সকালে ঈদের জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তোলেন। তিনি রাজধানীর ঢাকা-১৫ আসনের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদের জামাতে অংশ নেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের কাছে তারা দুটি ভোট চেয়েছিলেন—একটি গণভোট এবং অন্যটি সংসদ নির্বাচনের জন্য। তার দাবি, জনগণ উভয় ক্ষেত্রেই ভোট দিয়েছে।
তিনি বলেন, একটি ভোট যদি হালাল হয়, তাহলে অন্যটি হারাম হবে কেন? আবার একটি যদি হারাম হয়, তাহলে অন্যটি হালাল হয় কীভাবে?
তিনি আরও বলেন, সরকারি দল বিষয়টি দ্রুত অনুধাবন করলে বর্তমান সংকট দ্রুত সমাধান হতে পারে।
জামায়াত আমির জানান, তারা জাতির সামনে গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন এর বিরোধিতা করা হলে তা দুঃখজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী—তার ভাষ্যমতে প্রায় ৭০ শতাংশ মানুষ—এই দাবির পক্ষে রয়েছে। এই জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে তারা তাদের দাবি আদায়ে কাজ চালিয়ে যাবেন বলে জানান।
শেষে তিনি জনতার রায়ের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।










