spot_img

ভারী বৃষ্টিপাতে সিরিয়ার হাসাকাহতে বন্যা; শত শত পরিবার বাস্তুচ্যু

উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকাহ প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হয়ে শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে। বন্যা ক্ষতিগ্রস্তদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে জরুরি সেবা দলগুলো।

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্য এক্স বার্তায় এ তথ্য জানিয়েছেন সিরিয়ার জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী রায়েদ আল-সালেহ।

তিনি বলেন, সিভিল ডিফেন্সের দলগুলো গ্রামীণ বিস্তীর্ণ এলাকায় সৃষ্ট বন্যার পরিস্থিতিতে কাজ করছে। তাল হামিস ও আল-ইয়ারুবিয়াহসহ বিভিন্ন এলাকায় পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাসিন্দারা ঘরে আটকা পড়েছেন এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে।

তিনি আরও বলেন, বন্যার কারণে হাসাকাহতে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।

পরিস্থিতির প্রভাব নিয়ন্ত্রণে আনতে জরুরি কর্মীরা একাধিক ফ্রন্টে কাজ করছেন। এর মধ্যে রয়েছে মাটির বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ চ্যানেল খুলে দেওয়া এবং বন্ধ হয়ে থাকা কালভার্ট পরিষ্কার করা।

মন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ১২০টিরও বেশি পরিবারকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকায় হাসাকাহ শহরে উদ্ধার তৎপরতা বিস্তৃত করতে অতিরিক্ত দল মোতায়েন করা হচ্ছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মানবিক সহায়তা দিতে মন্ত্রণালয়টি জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করছে, যাতে পরিস্থিতির আরও অবনতি ঠেকানো যায়।

এর আগে মঙ্গলবার মন্ত্রণালয়ের ফিল্ড অপারেশনের প্রধান ইউসুফ আজ্জো জানান, উত্তর-পূর্ব হাসাকাহর তাল হামিস এলাকায় ৪০০টিরও বেশি বাড়ি সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। এতে সিভিল ডিফেন্স ইউনিটগুলোকে বড় পরিসরে উদ্ধার তৎপরতা চালাতে হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ায় টানা দুটি আবহাওয়া ব্যবস্থা প্রভাব ফেলেছে। এতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড় হয়েছে। এর ফলে আকস্মিক বন্যা, পানি জমে থাকা এবং সড়ক, ঘরবাড়ি ও ক্যাম্পগুলোতে পানির স্তর বেড়ে গেছে। পাশাপাশি আংশিক ধস এবং পিচ্ছিল পরিস্থিতির কারণে সড়ক দুর্ঘটনাও ঘটেছে।

সূত্র: সানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ