spot_img

ভারত কোনো দালাল রাষ্ট্র নয়; পাকিস্তানকে উদ্দেশ্য করে জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বৈশ্বিক ভূ-রাজনীতিতে ভারত কোনো ‘দালাল’ বা মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে কাজ করতে পারে না।

বুধবার (২৫ মার্চ) মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আয়োজিত একটি সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলো যখন ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের ক্রমবর্ধমান ভূমিকার প্রসঙ্গটি উত্থাপন করে, তখন জয়শঙ্কর এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইসলামাবাদের এই সংযোগকারী ভূমিকা মোটেও নতুন কিছু নয় এবং ১৯৮১ সাল থেকেই পাকিস্তান এই ধরনের মাধ্যম হিসেবে কাজ করে আসছে। জয়শঙ্কর উল্লেখ করেন, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতেও পাকিস্তানের এই মধ্যস্থতার প্রচেষ্টায় অবাক হওয়ার মতো নতুনত্ব নেই এবং ভারত নিজস্ব কূটনৈতিক পথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বৈঠকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, পাকিস্তান যখন শান্তি আলোচনার প্রস্তাব দিচ্ছে, তখন ভারত কেন ‘নীরব দর্শক’ হয়ে আছে।

এর জবাবে জয়শঙ্কর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন কারণ এটি সব পক্ষের জন্যই ক্ষতিকর। বিরোধীদের আশঙ্কার বিপরীতে সরকার আশ্বস্ত করেছে, উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতীয় প্রবাসী এবং ভারতের জ্বালানি সরবরাহ এখন পর্যন্ত নিরাপদ রয়েছে এবং তা কার্যকরভাবে তদারকি করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ