আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের বেসরকারি মাধ্যমিক শাখার উপপরিচালক মো. ইউনুছ ফারুকী জানান, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সব কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) তিনি বলেন, আসন্ন এসএসসি পরীক্ষায় প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেই ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বছরের এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়ে শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে, যা রোববার প্রকাশ করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কেন্দ্র ও কক্ষে সিসিটিভি স্থাপন ও সচল রাখা, ভিডিও সংরক্ষণ, কক্ষে ঘড়ি টাঙানো, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, কেন্দ্রসচিব ছাড়া মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা, পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা (মেয়েদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা), নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া, প্রবেশপথে নির্দেশনা টাঙানো এবং কেন্দ্রের পরিচ্ছন্নতা ও আলো-বাতাস নিশ্চিত করতে হবে।
এছাড়া যেসব কেন্দ্রে সিসিটিভি অচল রয়েছে, সেগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। ধারণকৃত ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করে কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে এবং কোনো পরীক্ষার্থী যেন নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অধিদপ্তর সতর্ক করে বলেছে, নির্দেশনা বাস্তবায়নে কোনো অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্তের ভিত্তিতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।










