জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেন জানিয়েছেন, দেশের স্বাস্থ্য খাতে বর্তমানে উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনো তহবিল নেই এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার জন্য পর্যাপ্ত অর্থও নেই।
রোববার (২৯ মার্চ) অধিবেশনে সংসদ সদস্য মো. শামীম কায়সারের (গাইবান্ধা-৪) বিধি-৭১ এর নোটিশের ওপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান ৷ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ৷
স্বাস্থ্যমন্ত্রী বলেন,বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতে লুটপাট ও অব্যবস্থাপনার ফলে চলমান প্রকল্পগুলোতেও কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আড়াইশ শয্যার হাসপাতালগুলোর অবকাঠামো পরিকল্পনা এতটাই খারাপ যে প্রবেশ পথের দিকে বাথরুম করা হয়েছে, যেখানে মানুষ ঢুকতেও পারবে না।
তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনার টাকা শেষ হয়ে গেছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের আমলেও যা কিছু ছিল, তা ব্যবহৃত হয়ে গেছে। এ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই-তিন দফা আলোচনা করেছি।
মন্ত্রী বলেন, আগামী বাজেটের পর সীমিত সম্পদের মধ্যেও প্রতিটি উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।










