জুলাই আন্দোলনের সময় পুলিশ সদস্যদের মৃত্যুর বিচার প্রসঙ্গে জাতীয় সংসদে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা দাবি তোলা হচ্ছে। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, এখন কেউ মামলা নিয়ে এলে তাহলে কি ১৯৭১ সালে রাজাকার হত্যার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে।
সোমবার (৩০ মার্চ) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ফেসবুকসহ সামাজিক মাধ্যমে জুলাই আন্দোলনের বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সেই বিষয়েও আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম, তাহলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে ১৯৭১ সালে? যদি এখন কেউ মামলা নিয়ে আসে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি চাইলে এ বিষয়ে আলাদা নোটিশ দিতে বলতে পারতেন, কিন্তু এটি একটি বড় রাজনৈতিক প্রশ্ন। জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি, আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে জুলাই জাতীয় সনদে অঙ্গীকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, সেই অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে বিগত অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয় এবং ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সেটিও জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।
পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ, ম্যাসাকার ও গণহত্যা চালিয়েছে, জনতার প্রতিরোধের মুখে তাদের কেউ কেউ প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে। “কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে” বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেটি গ্রহণের বিষয়ে সবাই সর্বসম্মত হয়েছে। তাই এ বিষয়ে সারা জাতি ঐক্যবদ্ধ এবং একমত বলে সংশ্লিষ্ট সংসদ সদস্য আশ্বস্ত হতে পারেন।










