বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখন যারা ক্ষমতায় গিয়েছেন একমাসও হয়নি। তারা ১৮০ ডিগ্রি উল্টো ঘুরে গিয়েছে। তারা অন্তবর্তীকালীন সরকারের গণভোটের অধ্যাদেশ বাতিল করার জন্য ব্যবস্থা করছে। মানুষ আস্তে আস্তে ভুলে যায়, আস্তে আস্তে উল্টো চলে। কিন্তু তারা একমাসেই উল্টো চলছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জামায়াত প্রার্থীর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। তাই ৯ এপ্রিলের নির্বাচনে জনগণকে সচেতন হয়ে সঠিক প্রার্থীকে বেছে নিতে হবে। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচার ও ইনসাফের প্রতীক-এ প্রতীকের পক্ষে গণসমর্থন দিন।
প্রসঙ্গত, শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে ঘোষিত তফসিল ঘোষণা অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত আলহাজ্ব মাসুদুর রহমান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।











