ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেইসঙ্গে তিনি বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সিয়ালকোটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
খাজা আসিফ বলেন, ইরান-আমেরিকা সংঘাত নিয়ে আলোচনা এখনও চলমান, তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা এখন উপযুক্ত নয়।
তবে তিনি জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের এই প্রচেষ্টা সফল হবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই প্রচেষ্টায় সফলতা দান করেন এবং আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেন।’
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সব ধরনের বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।
খাজা আসিফ সংকটময় এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমরা সবাই এক নবীর উম্মত। আল্লাহ আমাদের বিভেদ থেকে রক্ষা করুন। ‘
খাজা আসিফ আরও জানান, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করছে এবং আশা প্রকাশ করেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাকিস্তান নেতৃত্ব দেবে।











