spot_img
spot_img

বিএনপি দ্রুতই আ’লীগের পথে এগোচ্ছে: আসিফ মাহমুদ

বিএনপি দ্রুতই আওয়ামী লীগের পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। অতীতে আওয়ামী লীগ ধীরে ধীরে দমনমূলক অবস্থানে পৌঁছালেও বিএনপি খুব দ্রুত সেই পথে এগোচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজনে  ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে ২৮ জন বিচারককে শোকজ করার ঘটনাকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বিচারকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার স্ক্রিনশট সরকারের অপছন্দ হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, ফেসবুকে পোস্ট করার কারণে আবারও গ্রেফতারের ঘটনা ঘটছে, যা দুই বছর আগের পরিস্থিতির পুনরাবৃত্তি। এনসিপির এক অঙ্গসংগঠনের এক নেতাকেও এ ধরনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে আসিফ বলেন, সমালোচনা সহ্য করতে না পারলে তা স্পষ্টভাবে জানানো বা আইন প্রণয়ন করা উচিত। একই সঙ্গে তিনি ব্যঙ্গ-বিদ্রূপ ও মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার প্রবণতার সমালোচনা করেন।

জুলাই গণঅভ্যুত্থান ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান পুনর্লিখনের প্রস্তাব থাকলেও বর্তমানে আপসের সংস্করণটিও বাস্তবায়ন করা যাচ্ছে না। এমনকি যেসব অধ্যাদেশ সরকারের ক্ষমতা কমায় না, সেগুলোও বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ