বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ কামারুজ্জামান ছিলেন এক অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর কর্মনিষ্ঠা, ত্যাগ ও প্রখর চিন্তাশক্তির মাধ্যমে তিনি সবার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। বাতিল শক্তি তাঁর এই প্রভাব ও গ্রহণযোগ্যতা সহ্য করতে পারেনি। সম্পূর্ণ কাল্পনিক কাহিনি সাজিয়ে একটি সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে তাঁকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে।”
শনিবার (১১ এপ্রিল) ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদ কামারুজ্জামানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
তিনি আরও বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের অঙ্গীকার নিয়ে যে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, স্বাধীনতা-পরবর্তী শেখ মুজিবুর রহমানের ক্ষমতা গ্রহণের পর সেই স্বপ্ন ধীরে ধীরে ভঙ্গ হতে থাকে। জনগণের প্রত্যাশা অনুযায়ী ন্যায়বিচার, গণতন্ত্র ও সমঅধিকার প্রতিষ্ঠিত হয়নি; বরং একদলীয় শাসন, দমন-পীড়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার ফলে মানুষের আকাঙ্ক্ষা ব্যাহত হয়। ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে এদেশে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের ম্যান্ডেট ও আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। বর্তমানেও আমরা দেখছি, দেশের বিপুল জনগোষ্ঠীর রায়কে অবহেলা করা হচ্ছে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ তাদের রায় বাস্তবায়ন করতে সক্ষম হবে।”











