মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তান এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এরই অংশ হিসেবে ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আজ থেকে ইসলামাবাদে শান্তি আলোচনা শুরু হয়েছে। এই মাহেন্দ্রক্ষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।’
এই বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমেরিকা-ইরান শান্তি আলোচনা বা ‘ইসলামাবাদ টকস’ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান উভয় পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা ও মধ্যস্থতা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ, এ কথা বৈঠকে শাহবাজ শরীফ পুনর্ব্যক্ত করেন।











