spot_img
spot_img

বর্তমান সরকারকে হাসিনার ভূতে ধরেছে: মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে। শেখ হাসিনাকে যে ভূত ধরেছিল, তিনি বিতাড়িত হওয়ার পর সেই ভূত এখন বর্তমান সরকারের ওপর সওয়ার হয়েছে। আর সেই ভূত হলো জনগণকে অপমান করার প্রবণতা। ৭০ বছরের পুরোনো দল আওয়ামী লীগকে তিনি ধ্বংস করে দিয়েছেন। বিএনপিকেও সেই পথ থেকে শিক্ষা নেওয়া উচিত।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিইবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকাল ছিল এ দেশের জনগণকে নিয়ে উপহাস করা। তিনি জনগণের মতামতের তোয়াক্কা না করে উন্নয়নকে গণতন্ত্রের সংজ্ঞা হিসেবে দাঁড় করিয়েছিলেন। সবশেষে চার কোটি ছাত্র-জনতাকে ‘রাজাকার’ বলে গালি দিয়ে নিজের পতনের কফিনে শেষ পেরেকটি মেরেছেন। তিনি জনগণকে অপমান করার পরিণতি ভোগ করছেন।

বিএনপির ভূমিকার সমালোচনা করে মাওলানা মামুনুল হক বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারাও জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে। সংসদে দাঁড়িয়ে জনগণকে মূর্খ সাব্যস্ত করা হচ্ছে এবং সংবিধান পড়ার ছলে ৩০০ সদস্যের জনপ্রতিনিধিদের মাস্টার সাজানোর চেষ্টা চলছে। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত।

তিনি সাঈদীর একটি গল্পের উদ্ধৃতি দিয়ে বলেন, সিংহ, গাধা ও শিয়ালের শিকার বণ্টনের মতো পরিণতি যেন কারো না হয়। শেখ হাসিনা গাধার মতো বোকামি করে আজ সীমান্তের ওপারে গিয়ে পড়েছেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ