বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন-শাহবাগ-রমনা জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় পদদলিত করার যেই দুঃসাহস বিএনপি দেখিয়েছে এটা আসলে বিএনপি উপলদ্ধি করছে না যে বিএনপি কিভাবে নিজের কোমর পর্যন্ত এখন গর্তের মধ্যে ঢুকিয়েছে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের ১৮০ দিনের যেই সময়সীমা আছে, বিএনপির যদি শুভ বুদ্ধির উদয় না হয়; তাহলে ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় পদদলিত করার যেই দুঃসাহস বিএনপি দেখিয়েছে সেই দুঃসাহসের সমচিত জবাব দিতে আমাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতাকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দেওয়া হয়েছিল। আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা জুলাই গণঅভুত্থানের মাধ্যমে পুনরদ্ধার করেছে এদেশের ছাত্র-জনতা। জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও যদি আমাদের স্বাধীনতাকে ভিনদেশীদের হাতে তুলে দেওয়া হয় তবে এর খেসারত বিএনপিকেই দিতে হবে। আন্দোলনের মুখে বিএনপি বাধ্য হবে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় সেই পথ খুঁজে নিতে।
নূরুল ইসলাম বুলবুল দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনে কাজ করতে হবে। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি উপস্থিত সকলকে অব্যাহতভাবে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর, জোন পরিচালক এডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী ড. আব্দুল মান্নান।











