আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের যে ঘোষণা দিয়েছেন, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতেই হচ্ছে বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, দিদি হুমায়ুন কবিরকে পাশে রেখে এখানে বাবরি মসজিদ বানাতে চান। কিন্তু বাংলায় বিজেপি সরকার আসছে, আর আমরা তা হতে দেব না। আমরা বাংলায় কাউকে বাবরি মসজিদ বানাতে দেব না।
বুধবার (১৫ এপ্রিল) জলপাইগুড়িতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের মতো কোনো কাঠামো তৈরি করতে দেওয়া হবে না।
অমিত শাহ আরও দাবি করেন, হুমায়ুন কবির দিদিরই লোক এবং তার নির্দেশেই এসব করছে। তবে দিদির সময় শেষ, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।
মঙ্গলবার মালদারে একটি জনসভায় অমিত শাহ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী।
অমিত শাহ বলেন, নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে। অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পক্ষ নিচ্ছেন। বিজেপি সরকার গঠন হলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করে দেওয়া হবে।
উল্লেখ্য, বাবরি মসজিদ সংক্রান্ত বিতর্কের জেরে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস (টিএমসি) থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তিনি আম জনতা উন্নয়ন পার্টি গঠন করে আসন্ন নির্বাচনে টিএমসি ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
সূত্র: এএনআই











