লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। লেবানন–ইসরাইল যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তিনি ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম উল্লেখ করেননি। তবে এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেই ইসরাইলের রক্তক্ষয়ী সংঘাত চলছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
ট্রাম্প পোস্টে লিখেছেন, “আমি কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা শেষ করেছি। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় নেতা আজ ইএসটি সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।”
তিনি আরও বলেন, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে দীর্ঘ ৩৪ বছর পর দুই দেশ প্রথমবারের মতো বৈঠকে বসেছিল।
তিনি আরও লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে নির্দেশ দিয়েছেন, যাতে তারা ইসরাইল ও লেবাননের সঙ্গে মিলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন।
ট্রাম্প দাবি করেন, বিশ্বের ৯টি যুদ্ধ থামানোর গৌরব তার রয়েছে। এটি হবে তার ১০ম সাফল্য। তাই চলুন, কাজটি শেষ করি।
সূত্র: বিবিসি











