spot_img
spot_img

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

তিনি বলেন, অল্প কিছু অনিয়ম যাতে পুরো বাহিনীর ইমেজ ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করতে হবে। ব্যক্তিগত স্বার্থ, অনিয়ম বা অনৈতিক কার্যকলাপ থেকে সম্পূর্ণ বিরত থেকে পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। পুলিশকে জনগণের আস্থা ও সম্মানের জায়গায় আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে সিআইডির প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সোমবার (২০ এপ্রিল) মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সিআইডির দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন ও সম্মিলিত প্রচেষ্টাই পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী ও জনবান্ধব করতে পারে। সম্প্রতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে, তবে সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

আলী হোসেন ফকির বলেন, প্রত্যেক কর্মকর্তা-সদস্যকে নিজ কর্মক্ষেত্রকে দায়িত্ব ও সুযোগ হিসেবে গ্রহণ করে নিজের সক্ষমতা প্রমাণ করতে হবে। সিআইডির তদন্ত কার্যক্রম নিয়ে জনগণের প্রত্যাশা অত্যন্ত উচ্চ। তাই তদন্তের গতি, গুণগত মান ও সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করতে আরও পেশাদার ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে মামলার অগ্রগতি তদারকির পাশাপাশি তদন্তকারী কর্মকর্তাদেরও দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

আইজিপি অপরাধের মূল কারণ বিশ্লেষণ করে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়ে বলেন, দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে রেসপন্স টিম সর্বদা প্রস্তুত রাখতে হবে। মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ