ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ট্যাক্স-ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট সুবিধাটিও আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা সরকারি কার্য পরিচালনার জন্য যেভাবে একটি সরকারি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় সংসদ সদস্যদেরও একটি গাড়ি ব্যবহারের জন্য দেওয়া যায় কি না, সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।
আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন, ততদিন ব্যবহার করবেন এবং এর জন্য অতিরিক্ত কোনো খরচও লাগবে না। আমাদের এই সংসদ সদস্যদের ইতিমধ্যে গাড়ি মেনটেনেন্স করার জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু আমাদের গাড়ি নেই।
তিনি আরও বলেন, এখন আমার বক্তব্য হচ্ছে, গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স-ফ্রি গাড়ি চাইনি। ট্যাক্স-ফ্রি প্লট এবং গাড়ির বিষয়টি ইতোমধ্যে এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এটি নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছেন।











