spot_img
spot_img

যশোরে ২ কোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে ৯০০ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণ ও মুদ্রার বাজারমূল্য এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

বুধবার (২২ এপ্রিল) ভোরে যশোর সদর উপজেলার নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ভারতের মুম্বাইয়ের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা।

বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। পরে একটি বাসে তল্লাশি চালিয়ে ওয়াজিদ আলীকে আটক করা হয়। তার কাছ থেকে ৯০০ গ্রাম ওজনের গোল্ড পেস্ট এবং সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ওয়াজিদ আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। ২০২৪ সাল থেকে তিনি ভারত, মধ্যপ্রাচ্য, মিশর ও বাংলাদেশে একাধিকবার যাতায়াত করেছেন। গত ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকা আসেন তিনি। পরে সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

জিজ্ঞাসাবাদ শেষে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ